উচ্চশিক্ষার জন্য বিদেশ কেন?
উচ্চশিক্ষার জন্য বিদেশ যাওয়া আমাদের অনেকেরই ছোটবেলার স্বপ্ন। স্বপ্নকে বাস্তবে রূপ দিতে অনেকেই বিদেশ যেতে আগ্রহী অথবা বিভিন্ন সুযোগ-সুবিধার কারণে। তাছাড়াও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ও ডিগ্রি অর্জনের পাশাপাশি রয়েছে অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য। একজন শিক্ষার্থীর জীবন খুব সহজ করে দেয় এবং পড়ালেখা চলাকালীন অবস্থায় পরিবারকেও সাপোর্ট দিতে পারে। এসব বিষয় চিন্তা করে অনেকেই বিদেশে পড়তে অনুপ্রাণিত হন।
তাছাড়া বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোতে মাস্টার্স ও পিএইচডির ক্ষেত্রে ফান্ডিং বা স্কলারশিপের সুযোগ রয়েছে। এসব স্কলারশিপের অর্থ দিয়ে বিশ্ববিদ্যালয়ের সব খরচ মিটিয়ে ভালোভাবে জীবনধারণ করা যায়।
তবে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে উন্নত ও ভিন্নধর্মী শিক্ষাব্যাবস্থা। বিদেশের শিক্ষাব্যবস্থা পুরোটাই ব্যবহারিক, যা শিক্ষার্থীদের নতুন কিছু শিখতে আগ্রহী করে তোলে এবং এ পদ্ধতি শিক্ষার্থীরা খুব উপভোগ করে। সহপাঠী হিসেবে বিভিন্ন দেশের শিক্ষার্থীদের সঙ্গে মেশা যায়, তাদের পরিবেশ সম্পর্কে জানা যায়। কখনো কখনো একজন শিক্ষার্থী পড়াশোনাসহ বিভিন্ন দেশ ভ্রমণের সুযোগ পান।
বিদেশে পড়ার সময় প্রায় প্রত্যেকেই অপরিচিত চ্যালেঞ্জের সম্মুখীন হয়। সেটা হতে পারে ভাষাগত, সংস্কৃতিগত কিংবা বাসস্থানের। এই বিষয়গুলো মানিয়ে নেয়ার মাধ্যমে নতুন পরিস্থিতি মোকাবেলা এবং সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি পাবে। তবে বিদেশে পড়াশোনার ক্ষেত্রে প্রতিটি ক্ষেত্রেই রয়েছে স্বাচ্ছন্দ্য পরিবেশ।